Tuesday, May 17, 2022

আবর্ত না

মানুষ যেদিন প্রথম আগুন জ্বালতে শিখল, পাথর ঠুকে, সেদিন সে জানত না একদিন মানুষ শুধু রাঁধতে, কি বনের পশু তাড়াতে আগুন ব্যবহার করবে না, ব্যবহার করবে মানুষকে পোড়াতেও, জলজ্যান্ত।

মানুষ যেদিন প্রথম পাথর ঠুকে ঠুকে, ঘষে ঘষে ধারালো করে অস্ত্র বানাতে শিখল, সেদিন সে জানত না, একদিন এই অস্ত্র দিয়ে সে ছিন্নভিন্ন করবে মানুষের শরীরই, তছনছ করবে গ্রাম শহর।

মানুষ যেদিন বিদ্যুতে, ঝড়ে, আগুনে দেবতাকে দেখেছিল, পুজো করেছিল, সেদিন সে জানত না দেবতায় দেবতায় তৈরি হবে সম্প্রদায়, মানুষ এক দেবতার সাম্রাজ্য বিস্তার করতে নিশ্চিহ্ন কর‍তে চাইবে আরেক দেবতার সম্প্রদায়।

মানুষ যেদিন সামাজিক মাধ্যম বানিয়ে মানুষের মধ্যে ভৌগলিক দূরত্ব কমিয়ে নৈকট্যে আত্মীয়তায় বাঁধতে চেয়েছিল এই সেদিন, সেদিন সে জানত না, এই সামাজিক মাধ্যমে ছড়াবে হিংসা, কুরুচিকর যৌন লালসা, বিকৃতি।

মানুষ আসলে জানে না, সেকি চায়। নিজেকে নষ্ট করার কৌশলকে কখন বলে সভ্যতা, কখন বলে উন্নতি, কখন বলে শিক্ষা। জানে না, তার উন্নত হওয়ার কথা ছিল না, আকাশ আর মাটির মধ্যে শুধু একটা স্রোত বানাবার কথা ছিল, মানবী ভাষায়, স্বার্থঘেরা আবর্ত না।

No comments:

Post a Comment