Sunday, May 22, 2022

৪৩



আজ রামমোহন রায়ের জন্মদিন। শ্রদ্ধা জানাব। লজ্জায় জানাতে পারা যায় না। যদি উনি আজকের কাগজটা খুলে প্রথমপাতাটা পড়েন, একজন মানুষকে আরেকজন মানুষ পিটিয়ে মেরে ফেলেছে ধর্মীয় বিদ্বেষে। তাঁর কেমন লাগবে?

তাঁর সময়ে এ ঘটনা ছিল না বলছি না, সে সময়ে তো আরো ভয়ানক সব ঘটনা সমাজের সম্মতি নিয়ে ঘটে গেছে। যার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। সে তো ইতিহাস।

আসলে কি কোনো মহাপুরুষই যদি দীর্ঘদিন প্রাসঙ্গিক থাকেন, তবে সেটা একটা সমাজের জন্য লজ্জার। মানে সমাজটা এগোয়নি তাঁর শিক্ষা নিয়ে, আজও আমাদের তাই একই শিক্ষার দিকে বারবার তাকাতে হচ্ছে। মহাপুরুষ শ্রদ্ধার হোন, যেন প্রাসঙ্গিকতা কমে। আমরা যেন তাঁর শিক্ষা নিয়ে এগোই। তিনি প্রণম্য হোন, প্রাতঃস্মরণীয় হোন। আর প্রাসঙ্গিক না হোন। সে হবে সেই মহামানবের পক্ষেই লজ্জার।

সহনশীলতা, এক বড় শব্দ। বড় শিক্ষা। কার্ল পপ্পার, দার্শনিক, বলছেন যে, একটা সমাজ সহনশীল থাকা তখনই সম্ভব যখন সে সমাজ অসহনশীলতার প্রতি অসহনশীল হয়।

আমরা আরো সহনশীল হই, অসহনশীলতার বিরুদ্ধে অসহনশীল হয়ে। আবার করে নবজাগরণ আসুক। খোলা বাতাস আসুক। আমরা শ্বাস নিই বুক ভরে।


No comments:

Post a Comment