Thursday, May 19, 2022

ভেক-নিদ্রা


১
===
যে শিশু জন্ম থেকেই জানে
তার গরীবের অ-আ-ক-খ স্কুল
আর বড়লোকের A-B-C-D স্কুল আলাদা
তাকে সাম্যবাদ
কি মনুবাদ যাই পড়াও না কেন
সে জানে
সাম্যের নীতি আর সততা
সাবানের সুগন্ধী ফেনা
উৎকট ঘামের গন্ধ চাপতে পারে
তবে বেশিক্ষণ নয়

২
====
আমাদের এই সহনশীলতা একদিনে তৈরি হয়নি
অনেক উপেক্ষা, অনেক উদাসীনতা, অনেক ব্যর্থ চীৎকারের পর
সব ঘুমিয়ে পড়েছে
কেউ জাগবে না। আজকাল কেউ জাগে না।
যে শব্দগুলো শুনছো
প্রতিবাদের মত
ও ঘুমন্ত মানুষের প্রলাপের আওয়াজ

No comments:

Post a Comment