ফাঁকা রিকশার উপর ঘুমিয়ে যে কুকুরটা
যে খেয়াল রাখে না
শেষ ট্রেনে যার যার ফেরার কথা ছিল
তারা ফিরেছে কিনা
তার টাটকা ঘায়ে বসা মাছি
ঘুমিয়ে পড়েছে কখন
উদাসীন
সন্ধ্যে থেকে বাসি আলুর পুর
খাস্তা আবরণে ভরে ভরে
যে কারিগর সিঙ্গাড়া বানিয়ে বানিয়ে ক্লান্ত
ঘুমিয়ে আছে দোকানের বাইরে পাটাতনে
সে জানে শূন্যতার আবরণ হয়
পেলব, উজ্জ্বল, মসৃণ
চোখের পর্দা উড়ে যায় অন্যমনস্কতায়
বুকের ভিতর থেকে শিশুর মত হাত বাড়ায়
যে
সে শুধু খদ্দের নয়
একলা বাজারে ঘোরা
ঠিকানা হারানো মানুষ
অনেক মানুষ
পাগল হয়ে আছে ভিতরে ভিতরে,
পাগল স্টেশানের বন্ধ টিকিট ঘরের বাইরে শুয়ে শুয়ে গুনে দেখে
দু হাতের ময়লা কড় পেরিয়ে যায় মানুষ
পরিষ্কার জামাকাপড় পরা
পাগলামি ঢাকা ওরা,
কতদিন পারবে?
পাগল ঘুমিয়ে পড়লে
মাথার কাছে এসে বসে
তার লাইনে গলা দিয়ে মরা বউ
সব মানুষ বেঁচে নেই
ভালোবাসা বিক্রি করে করে
দেউলিয়া যারা
নিজের হৃৎপিণ্ডের আওয়াজে
চমকে উঠে যাদের
গলা শুকিয়ে ঘুম ভাঙে
মাঝরাতে
এক আকাশ তারার নিস্তব্ধতায়
খুঁজে পায় না
ভালোবাসার ছায়াপথ
তারা জিজ্ঞাসা করে,
সব এত ঝাপসা কেন?
(ছবি - লিণ্ডা উড)

No comments:
Post a Comment