Thursday, December 10, 2015

ওরা আছে, আশেপাশে



তোমার ফেলে যাওয়া কয়েকটা গ্রীষ্মের রাত
তোমার হেঁটে যাওয়া কয়েকটা বর্ষার সন্ধ্যে
তোমার কুয়াশা ঢাকা কিছু উষ্ণ আলিঙ্গন

এখনও ছায়ার মত আমার সাথে ফেরে

যখন মাঝরাতে কয়েকটা কুকুরের সাথে হাঁটি
যখন মাঝরাতে ঘুম ভেঙে জলতেষ্টা পায়
যখন মাঝরাতে দূরে রেলগাড়ির আওয়াজ শুনি

তখনও

ওরা কুয়োপাড়ের শ্যাওলায়
রান্নাঘরের হাতমোছার কাপড়ে
ঝুলঝাড়ার ঝুলে

আমার দিকে চেয়ে থাকে
তোমার কথা বলে

নিভৃতে একান্তে

তখন মনে হয়
ওই দেওয়াল বেয়ে ওঠা
পিঁপড়ের সারির কথোপকথন আমি জানি

তুমি আমার শুরু শেষের নিরবিচ্ছিন্ন রেখা
বিন্দুতে ডোবা সিন্ধু

No comments:

Post a Comment