Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Wednesday, December 20, 2023

নেটলীলা প্রসঙ্গ


 

যাহা শুনিবে রিলে

যাহা পড়িবে ফেসবুকে

যাহা দেখিবে ইনস্টায়

যাহা জানিবে এক্স- এতে


জেনো তাহা সর্বৈব সদা সত্য নয়

দুর্মতির মিথ্যাজাল ইতিউতি রয়

তোমারে ছলিতে এ মায়াময়ধাম

শুন সাধু সাবধান, সরল বিশ্বাসে বিধি বাম


ভালো করি ভাবি দেখো

খোঁজ যুক্তিপূর্ণ সঙ্গতি

বুদ্ধিমানের অন্বেষণে জাগে

   মতিমানের বেসাতি


পূর্ব যুগে হরিনামে

কিম্বা যোগে, ধ্যানে

সিদ্ধ হইত নরনারী

শাস্ত্রজ্ঞানী জানে


এই যুগে ধর্মের বেশে

  ইন্টারনেটে আসি

কুধর্ম ফিরিছে দেখো 

     মানবধর্ম নাশি


শাস্ত্রে শুনি

দুর্যোধনের আমন্ত্রণ ত্যাগি

কৃষ্ণ যান বিদুর-বাটি

শুদ্ধ অন্ন লাগি


কিন্তু AI নির্মিত কৃষ্ণ

  ছাড়ি বিদুরেরে

   দুর্যোধনের প্রাসাদে যায়

        ভক্ত পড়ে ঘোরে 


AI নির্মিত বুদ্ধ

ত্যাজে আম্রপালি

রাজনীতি ইত্যাদিতে

  বড়ই কুতুহলী


AI নির্মিত রাম

ত্যাজি বনবাস 

হুঙ্কার দিয়া ফিরিতেছে

তুলসীদাসের মনে ত্রাস


কোনোরূপ প্ররোচনায়

কিম্বা উদ্বেগে 

নেট অফ করি দিয়া

রুধো আবেগ সম্বেগে


রাজনীতি ও ধর্ম

বড় সংবেদনা

এদিক-ওদিকে হইলেই

দেয় বড়ই যাতনা


কুচক্রী, কুমতি যত

আছে ধরাধামে

ইন্টারনেট কিনিয়াছে

না জানি কি দামে


হও সাধু সাবধান

হও ভাবী কালযামী

শান্তি, মৈত্রী, করুণায়

হও সত্য পথগামী


যেইজন শান্তি, মৈত্রীর

বাণী লাগি জাগে

ভবিষ্যৎ কালে তার

অমৃত সুখ জাগে


কলিযুগ সত্যযুগ

মধ্যে নেট-যুগ

ক্ষান্তি ধরো সাবধানী

না বাড়ায়ো হুজুগ


সৌরভ শর্মা ঘোষে

কালের গতিফাঁদ

বুঝ বুঝ এইবেলা

না ঘটিও পরমাদ


( ছবি - গুগুল)

Saturday, August 26, 2023

মিথ

তোমার মিথে তুমি থাকো

আমার মিথে আমি

আমার মিথ মিথ্যা

আর তোমার মিথ দামী?

 

মিথ দিয়ে এ জগত গড়া

সত্য হাওয়ামহল

রাজনীতি থেকে অর্থনীতি

মিথেরই হাওয়া বদল

 

"আর যেখানে যাও না রে ভাই

সপ্তসাগর পার"

মিথেরও "ফাঁদ পাতা ভুবনে"

নাহি রে নাহি নিস্তার

 

সত্য বলে যা-ই বোঝো না

সব মনেরই কারসাজি

মনের আমি, মনের তুমি

মনই আসল কাজী

 

মন গড়েছে মিথের নগর

ধোঁকার লাটিম ঘর

ঘুরছ তুমি, ঘুরছি আমি

খেলছি আপন-পর

 

সব শেষে কেউ মাটি পাবে

কেউ বা হবে ছাই

কে বা আমি, কে বা তুমি

মিথেরই গুণ গাই

Saturday, June 24, 2023

আরাধ্যা পাল

 



ফুলের বুকে জমল মধু

পড়ল তাতে চাঁদের আলো

তার উপরে দু চারখানা

তারা এসে সেজে গেল

রামধনু রঙ জড়িয়ে নিয়ে

গোলাপ বলল আমিও এলাম

ঝিনুক ছাঁচা মুক্তো বলে

আমিই বা বাদ কেন গেলাম

 

সবাই মিলে সাজল যখন

ভোরের সূর্য উঠল সেই

সব মিলিয়ে হল আরাধ্যা

টুপ করে সে ফুটল ওই

 

Thursday, May 4, 2023

অশ্রুমানিক

 

ওরে আমার সরের উপর ঘিয়ের বিন্দু

ওরে আমার কাঁচামিঠে আম, পূর্ণ ইন্দু

 

ওরে আমার বাদলা দিনের সজল বাতাস

ওরে আমার শরত রাতের জোছনা আকাশ

 

ওরে আমার শীতকালের রোদ, গ্রীষ্মের স্নান

ওরে আমার একতারা বাজা প্রাণ কাড়া গান

 

ওরে আমার ধানক্ষেতে জাগা ঢেউয়ের পরশ

ওরে আমার কাজভোলা দিন, ছুটির হরষ

 

ওরে আমার প্রাণ ছাঁচা ধন, অশ্রুমানিক

ওরে আমার মর্মেতে জাগা সুখের ঝিলিক

Tuesday, April 25, 2023

আলেখ্য বোস



চুপচাপ শোন তোরা

ইস্কুলে রোজ যাই

 

বইখাতা পেন্সিল

ব্যাগে করে ঠাঁই ঠাঁই

 

তবু কিছু প্রশ্নের

পাই নাকো উত্তর

 

জানা যদি থাকে তবে

বলে ফেল তরতর

 

আক্রিম সকালেতে

কেন কেউ খায় না

 

পাকাকলা চটকিয়ে

দেওয়ালে মাখায় না

 

ম্যাগি নিয়ে বিছানায়

কেন কেউ খেলে না

 

স্নান করে ভিজে গায়ে

কেন কেউ নাচে না

 

বাবা অত খেলে কেন

আপিসেতে গিয়ে রোজ

 

এত যে খেলনা মায়ের

কে দিল রে খোঁজ খোঁজ

 

যা খুশী তা করতে

কেন কেউ দেয় না

 

রাতদিন বকাবকি

এত তো পোষায় না

 

তার চেয়ে শোন তোরা

কাউকে বলিস না

 

বাইক চালাতে জানি

সেটা কেউ জানে না

 

একদিন ভোরবেলা

কাউকে না জানিয়ে

 

বাইকেতে স্টার্ট দিয়ে

ঠিক যাব পালিয়ে

 

আক্রিম চকোলেট

লজেন্স কি চানাচুর

 

কাঁড়ি কাঁড়ি কিনে নেব

ব্যাগে ঠাসা ভরপুর

 

তারপর চাকদায়

গঙ্গার পাড়েতে

 

কাকবক গরুমোষ

ট্রেন প্লেন বলেতে

 

কি যে খেলা হবে যে রে

নেচে নেচে ধিনধিন

 

স্কুল, ব্যাগ, পড়াশোনা

ঘুনু দেবে রাতদিন

 

তোরাও আসতে পারিস

শর্ত একটাই

 

খেলা ছাড়া

আর কোনো কথাটথা হবে নাই

 

এই তবে কথা থাক

পাঁচকানে কাজ নাই

 

মেলা কাজ, আজ উঠি

ভালো থাকিস, টাটা বাই

 

(ইনি আলেখ্য বোস)

[ছবিঃ দেবাশিস বোস]


Monday, January 2, 2023

নতুন বছর নতুন বছর

 


নতুন বছর

নতুন বছর

আনলে তুমি কি?

এই দেখো না কেমন আমি সেজে বসেছি

 

নতুন বছর

নতুন বছর

কেকের উপর ক্রিম

স্কুলের মাঠে, বাড়ির ছাদে তাক ধিনাধিন ধিন

 

নতুন বছর

নতুন বছর

মোয়ার উপর কিসমিস

দুষ্টুমিতে আঙুলগুলো নেলপালিশে নিশপিশ

 

নতুন বছর

নতুন বছর

সবাই থাকুক ভালো

ক্যাডবেরি আর লাড্ডু এসে মুঠো করুক আলো

 

নতুন বছর

নতুন বছর

অনেক পড়াশোনা

অনলাইনে খালি আর ডাক পাঠিও না

 

নতুন বছর

নতুন বছর

টাটা আসি বাই

প্রণাম নিও, আদর নিও ভালো থেকো সব্বাই

 

(আমার বন্ধু আদিত্যর কন্যা, আরাধ্যা পাল।)




 

Friday, September 9, 2022

প্রলাপ

অকালে রাণী গেলা

কি দরিদ্র জীবন জিয়ে

 

নেটিজেন কাঁদি উঠে

ফুকারি ফুকারি হিয়ে

 

বলে সবে ওগো রাজা

জাতীয় শোক কর ঘোষণা

 

পথে ঘাটে পর্দা টাঙি

হউক "ক্রাউন" প্রচারণা

 

কি নির্লজ্জ বিরাট বাবা

শোকতাপ নাহি মানে

 

গত রাণীর জাতীয় খেলা

এরই মধ্যে সেঞ্চুরি হানে?

 

ব্যাট উঁচায়ে আকাশ পানে

কি দম্ভ প্রকাশ করে!

 

জানে না, আজ বিশ্বশোক?

আকাশ বাতাসে অশ্রু ঝরে?

 

ভারতীয় নেটিজেন

আকুলিয়া কাঁদি বলে

 

বলো ভাই, সদর্পে বলো ভাই

রাণী ও রাণীর নাতিপুতি ছেলেমেয়ে

সবে মিলি আয় কোলে

 

সৌরভ নীরবে কহে

  ওগো, ভারত ভাগ্যবিধাতা

 

একি দেখি, একি শুনি?

   ইহা আদিখ্যেতা না উদারতা?

Tuesday, May 31, 2022

ট্রেন ট্রেন ট্রেন


লোকে তোমায় নিন্দা করে, করুক
লোকে তোমায় মন্দ বলে, বলুক
তুমি শুধু দু হাতে দিয়ে তালি
বলো খালি, ট্রেন ট্রেন ট্রেন
স্টেশান এলে থেমে যাব
সিগন্যাল দিলে ছেড়ে যাব
বোঝা যেমন তুলে নেব
বোঝা তেমন নামিয়েও যাব
পাহাড় নদী সমুদ্র জঙ্গল
মরুভূমি লোকালয় পেরিয়ে যাব
চরৈবতি চরৈবতি
বাঁধবি যে রে নেই শকতি
লাগাও তালি, ছোটাও হাসি
বুক বাজিয়ে শুধু বলো
ট্রেন ট্রেন ট্রেন

Thursday, March 3, 2022

UN ও WHO সংবাদ


WHO কহে, ভাই UN
আমারে কোভিডে খেল
তোমারে পুটিন
অস্তিত্ব সংকটে পড়ি
হয়ে দীনহীন
কে লইবে মোর কার্য
কহে দুই ভাই
দুয়ারে যুদ্ধ, ভাইরাস
আগে বুঝি নাই
জগতের লীলা বোঝা
সে যে কি যে ভার
আগামাথা বুঝি না যে
বাক্যই সম্ভার
শক্তি নাই, দৃষ্টি নাই
নাই বিবেচনা
ভালে এত দুর্গতি আছে
আগে নাহি ছিল জানা
আলোচনা সভাআদি
কিঞ্চিৎ দানধ্যান
এইতেই ভেবেছিনু
জগত পাবে পরিত্রাণ
ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি মোরা
জগতের হোতা
আমা ছাড়া জগত যেন
জল ছাড়া ন্যাতা
কি ঘটিল ভাই রে আজ
কেহ নাহি মানে
শিশুরাও বিদ্রুপ করে
মিডিয়া খেলনাসম জানে
তবু আছি, তবু বলি
লাজলজ্জা ছাড়ি
ভয় হয় অনুদান সব
নাহি লয় কাড়ি!

Tuesday, January 18, 2022

৫

 

নারায়াণ ডাকি কহে
জুকেরবাগেরে
ফেসবুক জুড়ি কেন
ক্রন্দন রোল ওঠে
জুকেরবাগ বলে
প্রভু বাংলা না জানি
ছবি পর ছবি হেরি
অর্থ না বুঝি
নারায়াণ বলে শুনো
নারদেরে আনো
সে ব্যাটা নিশ্চয়ই জানে
সন্দেহ নাই কোনো
নারদ আসিয়া, সব
শুনি কহে প্রভু
বাঙালি বিবাগী হইল
শোকে হাবুডুবু
কেহ ছাড়ে সিংগল ছবি
কেহ দেয় কোলাজ
যাহারা ত্যাজিল প্রাণ
কেহ নাহি পড়ে বাদ
এত শীঘ্র এত ছবি
কেমনে সৃজিল
প্রভু প্রশ্ন শুনি নারদ
ঈষৎ হাসিল
কহেন নারদ, প্রভু
ফটোশপ এবে
আপনার চাইতেও
সৃষ্টি হয় দ্রুত বেগে
শোক শ্রদ্ধা ছাপি যায়
মুহূর্মুহু করি
শেয়ারে শেয়ারে
ফেবুভাণ্ড যায় ভরি
নারায়ণ কহে তবে
ধন্য ধন্য করি
ধন্য জুকেরবাগ তুমি
তোমার নাহি জুড়ি
নারদ হাসিয়া কহে
ওগো দীননাথ
তুমিও শেয়ারেতে
নাহি যাও বাদ
কতশত ছবি নিত্য
ঘোরে ইতিউতি
টাইমলাইন জুড়ি
কেবলই ভকতি
দীর্ঘশ্বাস ফেলি
তবে নারায়ণ কহে
হৃদয়ে গোপনে কিছু
না রহিল তবে
সবই দেখি শেয়ারের দ্রব্য এবে হায়
জুকেরবাগ একি দিন আনিলে ধরায়
নারদ কহে প্রভু
না করিয়ো শোক
ত্রিলোক হইতে এবে
হইল চতুর্লোক
জীব তাহারে ভার্চুয়াল নাম দিল এবে
এ সংবাদ এইখানে শেষ করি তবে

Friday, November 12, 2021

৪


চিহিরো গেল জয়পুরে

জিভের ফোঁড়া নিয়ে

ডাক্তার দিল ফোঁড়া কেটে

লেজার কাঁচি দিয়ে

 

হেঁটে হেঁটেই ওটিতে ঢুকল

সব্বাই দেখে অবাক

এত সাহস চিহিরো পালের

সবাই বলে, কেয়া বাত!

 

বেডেই শুয়েই কার্টুন দেখে

হাতে চ্যানেল করা

ডাক্তার এসে দেখে দেখে যায়

সে কাউকে না দেয় তাড়া

 

এদিকে তো গো দাদু দিদারা

মা, বাবা, যত মামু

কেঁদেকেটে সব বন্যা করে

ভাবে কখন খাবে চুমু!

 

এসব দেখে চিহিরো বলে

আচ্ছা বোকা দেখি

আমাকে দেখেও এত ভীতু সব!

এ লজা কোথায় রাখি

 

সবাই থাকো ধৈর্য ধরে

আসছি আমি উড়ে

বেড়াতে যাব, মজা করব

কটা উট আনছি ব্যাগে ভরে!



 

(চিহিরো আরাধ্যার প্রিয় কার্টুন চরিত্র। সাহসী বাচ্চা মেয়ের।)

 

Wednesday, October 6, 2021

তাই রে, তাই রে, তাই রে না


কি গাড়ি?
কেমন জোর?
চাপা দিল? চালিয়ে দিল?
আরে বাহ, আরে বাহ
কি কলিজা, কি কলিজা
পিষে দিল?
এক্কেবারে হাড়গোড় সব গুঁড়িয়ে দিল?
আরে বাহ, আরে বাহ

চাকায় নাকি রক্ত লেগে?
রাস্তা নাকি রক্তে ভিজে?

আরে ছো, আরে ছো
ওসব মানুষ এমনি মরে
চাকা কি আর ক্ষেতে নামে?
রাস্তা জুড়ে রাজা চলে
সেই রাস্তায় কি তোদের সাজে?
আরে ছো, আরে ছো
খেতে দিলে শুতে চায়
শুতে দিলেই মাথায় ওঠে
দিতে হয় তাই দাওয়াই কষে

এবার কি হবে? মোকোদ্দমা?
আরে রাম, আরে রাম
হবে হয় তো, ঠিক জানি না
কে যেন সেই পুড়ে মোলো
পুড়ে কি গো?
পুড়িয়ে বলো?
আরে রাম, আরে রাম
তার খবর কে রাখে বলো?
চোখ থাকলেই দেখতে হবে?
কান থাকলেই শুনতে হবে?
রাজাহুজুর যা বলবে
বুদ্ধি পেতে নিতেই হবে
বুদ্ধি জোড়া জুতোর দাগ
নইলে ঘটবে কি পরমাদ!
সব ভুলে যাই সব ভুলে যাই
মাথার মধ্যে ফুটো কড়াই
তাই রে তাই রে তাই রে না
আমায় খালি খাবিস না
ওদের খা, ওদের খা
ওরা গরীব, ওরা মুখ্যু
ওরা নীচু জাত, ওরা অচ্ছুৎ
আমাদের না খেলেই হল
রাজার পিছু পিছুই চলো

দণ্ড দেবেন? কেন গো রাজা?
মেরুদণ্ড দিলাম যে গো
করে কত ঘষামাজা
নরম মেরুদণ্ডের উপর
নাচো রাজা তাই রে না
আমিও নাচি পিছে পিছে
তুমি ছাড়া তো জগত মিছে
তাই রে তাই রে তাই রে না
কি দেখেছি বলব না
তাই রে তাই রে তাই রে না
কি শুনেছি বলব না
তাই রে তাই রে তাই রে না
বোকা সেজেছি জানো না?
বোকা আমি, বোকা তুমি
বোকা হলেই সব স্বর্গভূমি
তাই রে তাই রে তাই রে না
ভাবনা চিন্তা ছেড়েই দেনা
হাতে হাতে তালি দিয়েই যা না
বলেই যা না, গেয়েই যা না
রাজার কথার অমান্যি না
তাই রে তাই রে তাই রে না

Tuesday, October 5, 2021

রাগলে পরে


হঠাৎ তিনি এমন গেলেন ক্ষেপে
যদিও ক্ষেপার কারণ ছিল মস্ত
যেন পাগলা হাতি ঢুকেছে জঙ্গলে
গাছপালা সব হয়ে আছে তটস্থ

রাগলে বাড়ে রক্তচাপ মেলা
অ্যাড্রিনালিন হরমোন বলে, হুররে
বুদ্ধিবিবেক হঠাৎ লোডশেডিং
চিত্ত বলে, ওরে কে কোথা আছিস রে!

ফোঁস ফোঁস ফুলে ঘরময় পায়চারি
চাপা রাগের ঝক্কি অনেক ভারি
এর চাইতে দিলে মন খুলে কটা গালি
প্রাণ জুড়িয়ে ফের করে নেয় কোলাকুলি

কিন্তু রাগে কে শোনে কার কথা
খালি বলে আমার আগুন হল মাথা
জগত জোড়া স্বাত্থোপরের দল
বুঝসুঝ নেই, দশদিশি হলাহল!

সুবুদ্ধি বলে ও দাদাভাই শোনো
ক্ষেপে উঠলে নিস্তার নেই কোনো
ধৈরজ মানো, ধৈরজ ধরো দাদা
শুকনো হলেই ঝুরঝুরে হবে কাদা

তখন সে যে আপনি যাবে ঝরে
এখন তুমি বসো তো চুপটি করে
কান মাথা চোখ - সবকে বলো - স্ট্যাচু!
মনে মনে বলো সব ব্যাটা পোড়া কচু

সব বেটা নুলো হুঁকো হ্যাংলার দল
সব বেটা ছুঁচো হেঁজিপেঁজি খলবল
কারো সাথে তবে কথা নেই আর কোনো
যা যা তোরা সব বদবুদ্ধি ঝুনো

এই দেখো দাদা হল না প্রাণটা শান্ত?
দিয়ে কটা গালি হল না মনটা ক্ষান্ত?
এসো এইবার বলো দেখি প্রাণ থেকে
কেটে গেছে মেঘ বারকয় হেঁকে ডেকে