তোমাতে আমাতে
পাশাপাশি দাঁড়ানোতে
এখনও অনেক ফাঁক
সে ফাঁক দিয়ে
ঢুকে পড়ছে
অনেক বেনোজল
অনেক অন্ধকার
অনেক দুর্গন্ধ
এসো
একটা মানবশৃঙ্খল গড়ি
সতর্ক থাকি আগুন জ্বালানো অতন্দ্র প্রহরায়
সহমর্মিতায় হাতের দৈর্ঘ্য শরীর ছাপিয়ে বাড়ে
আবার জাগছে
প্রাচীন যুগের আদিম টান
শুনতে পাচ্ছ না?
শিকারে বেরিয়েছে ওরা আবার
অসতর্ক শিকার খুঁজছে জঙ্গলের আনাচে-কানাচে
এসো আবার সতর্ক হই
আবার শৃঙ্খলা গড়ি
সু সভ্যতার
নেতিবাচক সব ধূর্ত শিয়াল
ওদেরই অনুচর
দূর করে দাও
শৃঙ্খলা গড়ি আবার
হৃদয়ে হৃদয়ে
ছেঁড়া সুতোগুলো, এসো,
আবার জুড়ি
এখনও আছে সময়
জাগো
No comments:
Post a Comment