সমস্তটুকু আড়ালেই ছিল
আমিও ছিলাম
যেদিন সবটুকু বাইরে এল
আমিও নিজেকে নিয়ে বাইরে এলাম
বাইরে সেদিন কিসের যেন মেলা
বাইরে সেদিন কিসের যেন উৎসব
ক্রমশ হাত ছেড়ে গেল
রেশ কেটে গেল
সুখ ভ্রান্তিতে মিশে গেল
ঘুম যখন ভাঙল
ভাঙা মেলার ফিরে যাওয়া
উৎসব শেষের অবসন্নতা
কেউ ডাকতে এল না
কেউ চিনতে পারল না
ফিরে আসার রাস্তা তো ছিল
ফিরে আসার টান রইল না
যত তারা, যত অন্ধকার,
যত আলো, যত মেঘ
সবের আড়ালে যেন কে
সে চেনা, অথচ চেনা নয়
সে আমার, যেন আমার নয়
সে পর, অথচ অপরিচিত নয়
এক অপূর্ব অন্ধকার জন্মালো চারদিকে
সমস্ত মাথা ঘিরে
মহাকাশের মধ্যে ডানা বিস্তার করে বলল,
জেগে থাকো
No comments:
Post a Comment