জলের উপর উড়ে এসে, ডালে বসেছিল। বসেই জলকে বলল, জানো, যখন উড়ে এলাম, ছায়া পড়ল তোমার বুকে। আমার ছায়া। কই দেখাও? তুমি দেখেছ?
জল বলল, হ্যাঁ।
এখন কিসের ছায়া আছে?
জল বলল, নীল আকাশের।
পাখি বলল, আমার?
জল বলল, আকাশকে জিজ্ঞাসা করো।
পাখি আকাশের দিকে তাকিয়ে বলল, আমি যে উড়ে এলাম, তোমার মনে
আছে?
আকাশ বলল, সময়কে জিজ্ঞাসা করো।
পাখি সময়কে খুঁজতে গিয়ে দেখল কই সে নিজে? কই আকাশ, কই জল?
পাখি চুপ করে ডালে এসে বসল আবার। তার ছায়ার কথা কেউ মনে রাখবে
না?
দশদিক দিয়ে প্রতিধ্বনি এলো, না না না।
পাখির গা থেকে একটা পালক খসে গেল। বলল, মনে রেখেছ আমাদের? খসে
গেছি কত তোমার অজান্তে?!
বসন্তের পাতা বলল, উড়ে যাওয়া মেঘ বলল, ধুলো বলল, একবিন্দু
শিশির আর এক বিন্দু বৃষ্টির জল বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
No comments:
Post a Comment