প্রতিদিন ফেরার সময়
বাজার করে
সূর্যাস্তের ছবি তুলে আনেন
পাঁচ তলা ফ্ল্যাটের
এক তলায় শয্যাশায়ী স্ত্রী
চার বছর ধরে
পাশের জানলায়
রোদ বৃষ্টি সব ব্রাত্য
রাস্তার এত ধুলো
যেদিন শেষ সূর্যাস্তের ছবি তুললেন
সেদিন বৃষ্টি ছিল দিনভর
মেঘ কেটে গেল সূর্যাস্তের মুহূর্তকাল আগে
ভিজে রাস্তায় ছড়িয়ে
আছে তখন
আলতা ঢালা রং
যখন পায়ে মাখানো হল আলতা
কপাল লেপা হল সিঁদুরে
বৃদ্ধ সজল চোখে বললেন,
দেখা হবে আবার
কোনো নতুন সূর্যোদয়ে
আজ তোমার যাওয়ার পথ
রাঙিয়েছে সূর্যাস্ত
নিজে
সাবধানে যেও
দাঁড়িও সূর্যাস্তের
সময়
আকাশের কোনো এক কোণে
চিনে নেব তোমায়
তোমার আবীর রাঙা
পায়ে
(ছবি - Debasish Bose
)

No comments:
Post a Comment