Showing posts with label বিন্দু. Show all posts
Showing posts with label বিন্দু. Show all posts

Saturday, April 3, 2021

১৯৩


বিকেলের নিরভিমান রোদ

তোমার চোখে এসে বসেছিল

আমার এক মুহূর্তে মনে হল

ও যেন আমায় ঘরের ঠিকানা জানিয়ে গেল

 


Monday, February 22, 2021

১৯২


মাঝে মাঝে ইচ্ছা করে
অর্বাচীনের মত ভালোবাসি
হৃদয় এমন কিনারা হারিয়ে

না হয় হলই খানিক বানভাসি 

Friday, July 31, 2020

১৯২

যদি সর্বজ্ঞ হও,
তবে আমার স্বাধীনতাকে ভয় পাও কেন?

যদি সর্বজ্ঞ না হও,
তবে আমার ইচ্ছার বিচার করো কেন?

 


Monday, July 15, 2019

১৯১


একে চোখ বাঁধা
তায় অন্ধগলি
ফিসফিস দিনরাত 

কিরে খোঁজ পেলি?

Sunday, April 28, 2019

১৯০

বিশ্বস্ত হতে হবে না

দুর্বোধ্য হয়ো না

দৃষ্টিভঙ্গি বদলে নেব

অস্পষ্ট হয়ো না

Saturday, April 13, 2019

১৮৯


কতবার?

যতবার আমি ভুলে যেতে চাইব

তারপর একদিন বলে উঠব

"আর না"

Tuesday, April 2, 2019

১৮৮


সব নীরবতা ছাপিয়ে যাওয়া যায় না

যেতে নেই

যে স্বরবর্ণে শ্বাসবায়ু নেই

   সে শব্দ জিভে আনতে নেই

Sunday, January 20, 2019

১৮৭



হৃদয় আসলে ভিক্ষুক
তুমি যে পোশাকেই ঢেকে রাখো

ভালোবাসা জেনো বৃষ্টি
মেঘে যতই লুকিয়ে রাখো

Sunday, January 13, 2019

ততটা


ততটা সৎ হয়ো না
    যতটা সৎ হত্যাকারী তার ছুরির সাথে

ততটা প্রেমী হয়ো না
    যতটা প্রেমী আগুন হয় তুষের সাথে

Sunday, January 6, 2019

কাগজের প্লেন


যত্রতত্র কাগজের প্লেন ছড়িয়ে
হাঁটতে চলতে মাড়ানো

আকাশ ছোঁয়নি 
নিষ্প্রাণ প্রতিশ্রুতিরা ছড়ানো

Monday, December 31, 2018

১৮৬


যদি তুমি একটি ঘুমন্ত শহরের মধ্যরাতে
   গভীর জঙ্গলে মধ্যরাতের পায়চারি শুনতে না পাও
       তবে তুমি যেই হও 

          কবি নও

Monday, December 24, 2018

১৮৫


যে অশান্ত তার সুখ কই? 
   এ বাণী

কিন্তু যারা সুখে আছে, তারাই বা শান্তিতে থাকতে দিচ্ছে কই?
    এ বাস্তব

Saturday, December 22, 2018

১৮৪




বহুদিন পর আজ অপ্রয়োজনীয় হওয়ার সাহস পেলাম
বোঁটা ছিঁড়ে মাটিতে পড়া শুকনো পাতাটা তুলে -
   নিঃসঙ্কোচে বললাম, 

                                  আমিও এলাম

Tuesday, November 20, 2018

১৮৩


ঈশ্বরের গল্প সব শেষ হলে
মানুষ ফিরে আসে

কয়েক পশলা বৃষ্টিতেই
মেঘের গল্প ভাসে

Sunday, November 18, 2018

১৮২



যে গোলাপটা ফুটেছিল

ঝরে গেছে

যে কথাগুলো ফুটিয়ে গেল

রয়ে গেছে

Saturday, November 17, 2018

১৮১


বুদ্ধিকে রেখেছিলাম পাহারায়, 
সে-ই হল চোর
      অসর্তকতায়, 

            নিজের ঘরে

Friday, November 9, 2018

১৮০


ফুলটা নিঃশব্দেই ফুটেছিল
তাকাবো না-ই ভেবেছিলাম

আঙুলে কাঁটা ফোঁটার পর বুঝলাম
    অজান্তেই তাকিয়েছিলাম


Thursday, November 8, 2018

১৭৯


ইতিহাসের কয়েকটা পাতা ছিঁড়তে চাইছ
ছেঁড়ো
সে ছেঁড়া পাতাগুলো রাখবে কোথায়?
তুমি তো মহাকাল নও!


Monday, October 22, 2018

১৭৮


গুরু কহিলেন, তবে বাবা সত্য কি?
শিষ্য গদগদ হইয়া কহিল, আপনি যাহা কহিলেন।
গুরু উৎফুল্ল হইয়া কহিলেন, আর আমি কি কহিলাম? 

শিষ্য বলিল, সত্য, গুরুদেব, সত্য কহিলেন।

Wednesday, October 10, 2018

১৭৭


অবশেষে আর যুক্তি না খুঁজে, সান্ত্বনা না খুঁজে,
             হেসে উড়িয়ে দিতে শিখলাম
ব্যস, পাথর কই আর? 

           এ যে পাথুরে পথ শুধু