Tuesday, January 9, 2018

তোমায়, না আমায়?

তোমার শরীর মাড়িয়ে রোদ নামেনি কোনোদিন
তোমার বৃষ্টিভেজা চুলের ছাঁট পড়েনি কোনোদিন বারান্দায়
 
তোমার ছাদে শুকোতে দেওয়া কাপড়
 
কালবৈশাখী উড়িয়ে নিয়ে প্রতিবেশীর ছাদে ফেলেনি কোনোদিন
তোমার সাথে উষ্ণ চায়ের কাপ জড়িয়ে
 
   বসিনি তো কোনোদিন শীতের সকালে

ধরাছোঁয়ার নাগালের বাইরে যে তুমি
  আমার সব ধরাছোঁয়াকে করে রাখলে অস্পৃশ্য

  আমায় জড়িয়ে 
     আমায় ছাড়িয়ে
 
          আমায় সরিয়ে
আমাকে আড়াল করে আমার থেকে
 
     আমাকেই চাইছো যে দু'হাত বাড়িয়ে

 যেতে তো চাই।

   শুধু বলো -
        ফিরব যখন
            কি নিয়ে ফিরবো?

        তোমায়?                     না আমায়?


No comments:

Post a Comment