সোম থেকে শনি
সকাল সাতটায়
কাঁচরাপাড়া আপ প্লাটফর্মে নেমে লক্ষ্মী দেখে
ডাউন প্লাটফর্ম জুড়ে থিকথিক করছে মানুষ
শিয়ালদা যাচ্ছে
সবাই বাঁচতে চাচ্ছে
এটাই বড় কথা
একমাত্র কথা
যে যেভাবে হোক
বাঁচতে চাচ্ছে
লক্ষ্মী অটোর লাইনে দাঁড়িয়ে ভাবে
সবাই তো তার
চেনা
এতো চেনার স্রোতে
তার সব গ্লানি, অপমান ধুয়ে যায়
মা কালীকে দেখে হাসে
মাও হাসে তাকে দেখে
লাল টকটকে জিভে
দিনের আলো মেখে
মানুষের একটাই তো
পবিত্র ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
এই ভাবতে ভাবতে লক্ষ্মী
রোজ একটা একটাকার
কয়েন
প্রণামী বাক্সে
ফেলে
মনে মনে বলে
সবাই বাঁচুক মা
তুমিও বাঁচো
সবাইকে নিয়ে
সবাইকে নিয়েই তো তুমি
মা
অটো মিলিয়ে যায় ভিড়ে
No comments:
Post a Comment