Wednesday, May 25, 2022

খেয়াল করে না


বই পিঠে করে
বন্দুক নিয়ে যে বাচ্চারা স্কুলে যায়
তারা পৃথিবীর সব দেশেই আজকাল
সব বন্দুক শুধু ধাতব হয় না
কিন্তু সব বন্দুক তৈরির প্রথম শব্দ
হিংসা
আগাছা জন্মায়
কেউ খেয়াল রাখে না
কাটে না
হোগলা বন জন্মায়
কেউ খেয়াল রাখে না
কাটায় না
সেখানে জন্মায় বাঘ
দৈত্য, অসুর, রাক্ষস
ক্রমশ সেই বাঘ, দৈত্য, রাক্ষসেরা
বাইরে চলে আসে
এর ওর মুখের আড়ালে ধরা দেয়
ট্রিগার চেপে দেয়
সব শেষ
ভয়কে গড়ালে হিংসা
কেউ ভয়ের চাকাকে
বেড় পরায় না
পরোয়া আছে ভবিষ্যতের
যত্ন নেই বর্তমানের
এত আগাছা জন্মায়
হোগলা বন জন্মায়
কেউ খেয়াল রাখে না
স্থির তাকিয়ে মইয়ের শেষধাপে
যেখানে নাকি রাখা অমৃতকলস
মইয়ের প্রথম ধাপে ধরছে ঘুণ
কেউ খেয়াল করে না
শুধু ভেঙে পড়ার শব্দ হলে
স্থবির মোহকে কোলে নিয়ে
পরম আদরে,
বলে
কই, এরকম হওয়ার তো কথা ছিল না!
তবু খেয়াল করে না
তার খেয়াল করার কথা ছিল
খেয়াল ছিল না

No comments:

Post a Comment